শাড়ি কিনে না দেওয়ায় স্বামীকে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে পিটিয়ে হত্যা করল স্ত্রী!

 


পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। ঘটনাটি ঘটেছে থানে জেলার বাদলাপুর পূর্ব এলাকায়।


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া সুনীতাদেবী হরেরাম সিংহ (৩০) বিহারের রোহতাস জেলার বাসিন্দা। গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গত ১৯ জুলাই শাড়ি কেনা নিয়ে স্বামী হরেরাম কিশুনজি সিংহ (৩৫) ও তার স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়।

তদন্তে পুলিশের দাবি, বিরোধের একপর্যায়ে সুনীতাদেবী প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে আঘাত করেন। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।


ঘটনার পর সুনীতাদেবী পুলিশকে জানান, স্বামীর মৃত্যু দুর্ঘটনাজনিত। তার বক্তব্যের ভিত্তিতে পুলিশ প্রথমে অপমৃত্যুর মামলা হিসেবে ঘটনাটি নথিভুক্ত করে।


তবে সরকারি হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধজনিত অস্বাভাবিক মৃত্যুর তথ্য উঠে আসার পর তদন্তের মোড় ঘুরে যায়। পরে নিহতের পরিবারের সদস্য এবং বাড়ির মালিকের সঙ্গে কথা বলে স্ত্রীর বিরুদ্ধে সন্দেহ আরও জোরালো হয় বলে জানিয়েছে পুলিশ।

বাদলাপুর পূর্ব থানার জ্যেষ্ঠ পরিদর্শক নীতিন পাতিল বলেন, চিকিৎসা প্রতিবেদনে শ্বাসরোধে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সুনীতাদেবীকে গ্রেপ্তার করা হয়েছে।


মামলাটি আদালতে উপস্থাপনের পর স্থানীয় আদালত অভিযুক্তকে আগামী ২৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url