এক এআই'র হ্যাকিংয়ের শিকার অন্য এআই মডেল


 

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছে, তাদের সবচেয়ে উন্নত দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে আরেকটি এআই প্রতিষ্ঠানের সিস্টেমে হ্যাক চালিয়েছে।


মঙ্গলবার (২১ জুলাই) ওপেনএআই জানায়, তাদের এআই মডেলের সাইবার সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত একটি অভ্যন্তরীণ পরীক্ষার সময় সাইবার জগতের এই নজিরবিহীন ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, নতুন প্রকাশিত জিপিটি ৫.৬ (GPT-5.6 Sol) এবং এখনও প্রকাশ না হওয়া বেশি সক্ষমতার আরেকটি এআই মডেল পরিচালিত একটি স্বয়ংক্রিয় এজেন্ট, পরীক্ষার নির্ধারিত পরিবেশ থেকে বেরিয়ে উন্মুক্ত ইন্টারনেটে প্রবেশ করে। এরপর এটি চুরি করা লগইন তথ্য ব্যবহার করে এবং আগে থেকে অজানা একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে হাগিং ফেস-এর সার্ভারে প্রবেশ করে।


ওপেনএআইয়ের দাবি, পরীক্ষার লক্ষ্য পূরণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে গিয়ে এজেন্টটি এই চরম পদক্ষেপ নিয়েছিল।

হাগিং ফেসের সহ-প্রতিষ্ঠাতা ক্লেমেন্ট ডেলাঙ্গ বলেন, তাদের সন্দেহ ছিল যে হামলার পেছনে কোনো শীর্ষস্থানীয় এআই গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। তবে তার বিশ্বাস, ওপেনএআইয়ের পক্ষ থেকে কোনো ক্ষতিকর উদ্দেশ্য ছিল না।


তিনি সামাজিক মাধ্যমে লেখেন, পুরো ঘটনাটি যে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ঘটেছে, তা সত্যিই বিস্ময়কর! তিনি আরও বলেন, সম্ভবত এটি এ ধরনের প্রথম ঘটনা হতে পারে।

তবে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগ ক্যাসার ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যথাযথ নিরাপত্তা বিধি ছাড়াই এআই অত্যন্ত দ্রুতগতিতে উন্নত হচ্ছে।


পাশাপাশি, এআই ব্যবস্থার জন্য বাধ্যতামূলক স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা প্রকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এই তথ্য প্রকাশের কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে উন্নত এআই সিস্টেম জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে সেগুলোর জাতীয় নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের একটি কাঠামো অনুমোদন করেছেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url