শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ভারতের শোবিজ তারকারা

 


শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলন ক্রমেই তীব্র হয়ে উঠছে। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে একে একে সরব হচ্ছেন দেশটির শোবিজ অঙ্গনের বিশিষ্ট শিল্পী, সংগীতশিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ এবং পুলিশের লাঠিপেটার ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন শাবানা আজমি, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, দিলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ সিং, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, স্বরা ভাস্বরসহ আরও অনেকে।

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিপেটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেতা নাসিরুদ্দিন শাহ দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বলে অভিহিত করেছেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যদি একজন অজ্ঞ ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয়, তাহলে সে চাইবে পুরো দেশও তার মতো অজ্ঞ, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক। এই মুহূর্তে আমি খুব মর্মাহত। আমাদের সন্তানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে আমি রাগে ফুঁসছি। এসব গুন্ডাদের দেখে আমার যুক্তরাষ্ট্রের আইসিই এজেন্টদের কথা মনে পড়ে। যাদের মুখে মুখোশ, হাতে লাঠি। এটাও মনে রাখুন, একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে।’

সংগীতশিল্পী অরিজিৎ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আপনারা তো এখন শিক্ষার্থীদেরও মারধর করছেন! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র সত্য।’

পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি লেখেন, ‘যা হয়েছে, তা একেবারেই ঠিক হয়নি। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, তাদের কথা শুনুন। মানুষের কণ্ঠই আসলে ঈশ্বরের কণ্ঠ।’

আরও পড়ুন

আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ ও পুলিশের লাঠিপেটার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী হুমা কুরেশি। তিনি বলেন, আন্দোলনের এসব দৃশ্য তাকে গভীরভাবে ব্যথিত করেছে এবং এই স্মৃতি দীর্ঘদিন তার মনে গেঁথে থাকবে।

অভিনেত্রী পুনম পান্ডেও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন, ‘এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়; এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন।’

আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে রয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিপেটা ও ধরপাকড়ের ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ধরনের দমন-পীড়নকে তিনি কর্তৃত্ববাদী সরকারের বর্বরতা বলে আখ্যায়িত করেন। এছাড়া যন্তর মন্তরে চলমান আন্দোলনেও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে তাকে।

অভিনেত্রী শাবানা আজমিও শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নেন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং জানান, এই আন্দোলনে তিনি তাদের পাশে আছেন এবং থাকবেন। আন্দোলনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের সঙ্গেও দেখা করে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

আরও পড়ুন

বাংলাদেশের সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, যিনি অন্যায়ের বিরুদ্ধে গান ও কবিতার মাধ্যমে নিয়মিত সোচ্চার থাকেন এবং রাজপথেও সক্রিয় থাকেন, তিনিও ভারতের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন।

গত মঙ্গলবার সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়ে একটি গান প্রকাশ করেন সায়ান। গানের কথায় তিনি বলেন, ‘তুমি অধিকার যদি বোঝ/ তবে সোনম ওয়াংচুককে চেনা দরকারি/ তার গল্প কী করে না বলে পারি?’

গানের আরেক অংশে তিনি গেয়েছেন, ‘যারা রাস্তায় খায় মার/ আমি থাকব তাদেরই দলে/ মরে যাওয়া ভালো/ তবু লুকাব না গদির ছায়ার তলে/ আমি শাসকের সাথে দোস্তি পাতিয়ে/ প্রেমের-প্রাণের করি না ক্ষতি/ আমি সোনম ওয়াংচুকের সঙ্গে জানাবই সংহতি।’

ভারতীয় শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অধিকারকর্মী সোনম ওয়াংচুক গত ২৮ জুন থেকে আমরণ অনশন শুরু করেন। যন্তর মন্তরে টানা ২১ দিন অনশনের পর গত শনিবার পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। হাসপাতালেও তিনি অনশন অব্যাহত রেখেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url