প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা
তামিল চলচ্চিত্র অঙ্গনের এক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর সম্পর্ক ভাঙার গুঞ্জন ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার সময় উত্তপ্ত পরিস্থিতিতে অভিনেত্রী নাকি অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেছেন—এমন দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ ঘটনার কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।
তেলুগু ৩৬০-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ওই তারকা জুটি প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন এবং বিয়ের পরিকল্পনাও করেছিলেন। তবে পরবর্তীতে ব্যক্তিগত জীবন ও পেশাগত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ের একটি তারকা হোটেলে একসময় তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখান থেকে চলে যাওয়ার আগে অভিনেত্রী নাকি অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেন। এরপর অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অভিনেতাকে আনফলো করেন বলেও দাবি করা হয়েছে।
এই গুঞ্জনের সঙ্গে দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন ও অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের নাম ঘিরে অনলাইনে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি অনুপমা ধ্রুবকে ইনস্টাগ্রামে আনফলো করার পর এবং একটি রহস্যময় পোস্ট দেওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়াতে থাকে।
তবে অনুপমা পরমেশ্বরন কিংবা ধ্রুব বিক্রম—কেউই এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এমনকি যে বেনামী প্রতিবেদনের মাধ্যমে এই দাবি ছড়িয়েছে, সেখানেও কোনো তারকার নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
ফলে পুরো বিষয়টি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সংশ্লিষ্ট তারকাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
